বকেয়া বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
বকেয়া বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি গার্মেন্টসের পোশাক শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকালে তারা এই বিক্ষোভ করেন।
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কচুক্ষেত এলাকার আটটি কারখানার প্রায় ১০ হাজার শ্রমিক রাস্তায় নামে এবং সকাল সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে এই দুই ঘণ্টায় মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত পোশাক শ্রমিকরা বলেন, গত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন আটক আছে। এই বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত পোশাক শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে টানা চার দিনের দুর্গাজার ছুটি শেষে আজ খুলেছে সকল সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা কোম্পানি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। তবে শ্রমিকদের সড়ক অবরোধ ও আন্দোলনের কারণে এ এলাকার অফিসগামী ও সাধারণ মানুষেরা ভোগান্তিতে পড়েন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে