নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে এবং বেতন আরও বাড়ানোর দাবি নিয়ে রাস্তায় নেমেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর মিরপুর ১৩ ও ১৪ নম্বর এলাকায় শ্রমিকরা এই দাবিতে তাদের নিজ নিজ কারখানার সামনে জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর থেকে ১১ নম্বরের দিকে যান।
.
খবরে জানা যায়, মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর থেকে ১১ নম্বরের দিকে এগোতে থাকলে মাঝামাঝি জায়গায় পোশাক শ্রমিকদের আটকে দেন পুলিশ সদস্যরা। তার পরও সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেন শ্রমিকরা।
.
পল্লবী এলাকায়ও পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমেছেন বলে জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে মিরপুর-১৩ এলাকার সড়ক অবরোধ করলেও পরে তারা মিরপুর-১০ নম্বর এলাকায় চলে যান।
.
এদিকে, আন্দোলনরত পোশাক শ্রমিকরা বলছেন, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। গতকাল শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন, সবার বেতন সমান হারে বাড়েনি। সরকার ৫৬ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও সেটি বাস্তবায়ন হয়নি। যারা অভিজ্ঞ শ্রমিক, তাদের বেতন বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। এ কারণে তারা বিক্ষোভ করছেন।
.
প্রসঙ্গত, পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পোশাক খাতের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকার গঠিত মজুরি বোর্ড। তবে নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিকরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে