গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কর্মস্থলে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন। তাঁদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তবে তাঁরা অবস্থান অব্যাহত রাখলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
মতামত দিন