গাজীপুরে বেতন বৃদ্ধির দাবির আন্দোলনে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
গাজীপুরের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ন্যূনতম মূল বেতন ২৩ হাজার টাকা দাবিতে চলমান বিক্ষোভ চলাকালে রাসেল হাওলাদার (২২) নামে এক গার্মেন্ট শ্রমিক মারা গেছেন।বিক্ষোভকারী গার্মেন্টস কর্মীরা বলেছেন, রাসেল পুলিশের গুলিতে মারা গেছে। তবে পুলিশ দাবি প্রত্যাখ্যান করেছে।
আজ সোমবার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদার গাজীপুরের জেলার মালেকের বাড়ি এলাকার এনার্জিপ্যাক ডিজাইন এক্সপ্রেস লিমিটেড কোম্পানির ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। তিনি ঝালকাঠি জেলার হান্নান হাওলাদারের ছেলে।
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা।
পরে ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অস্থিরতার মধ্যে কারখানার উৎপাদন বন্ধের ঘোষণা করেছে বলে জানিয়েছেন শ্রমিকরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
রাসেলের সহকর্মী মোঃ রঞ্জু বলেন, কারখানা থেকে বাসায় ফেরার সময় রাসেল গুলিবিদ্ধ হন।
তাকে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রেফার করেন।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারেক হাসান জানান, রাসেলকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে এবং মহাসড়কে ব্যারিকেড দেয়। বিক্ষোভ চলাকালে একটি গাড়িতেও আগুন দেয় তারা।পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে।
‘পুলিশের গুলিতে’ শ্রমিকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ওসি আবু সিদ্দিক বলেন, তিনি এ বিষয়ে অবগত নন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে