হামের চিকিৎসায় রাজশাহীতে মেডিকেল বোর্ড গঠন
হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আট সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম এই বোর্ড গঠন করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ১৪৫ জন রোগী। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে।
নতুন গঠিত মেডিকেল বোর্ডে শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিনকে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক, নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মনজুর এলাহী, রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমদ যায়নুদ্দীন সানী, ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. শারমিনা আফতাব, আইসিইউ ইউনিট প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মিজানুর রহমান এবং কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রকিবুল হাসান রাসেদ।
আদেশে বলা হয়, হাসপাতালে হাম রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। গুরুতর ও জটিল রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বোর্ডের সদস্যরা সরেজমিনে দায়িত্ব পালন করবেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়ে থাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে