আগরতলা মিশনের নিরাপত্তায় জাতিসংঘ শান্তিরক্ষা সহায়তা চান রিজভি
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ শান্তিরক্ষা সংস্থার সহায়তা চাইতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ।
দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি বলেন, ‘ভারতের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আমাদের সহকারী হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মিশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন’।
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উচিত, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সাহায্য নেয়া’।
রিজভীর অভিযোগ, ‘ভারতের বিজেপির প্ররোচিত’ কিছু চরমপন্থী ধর্মীয় গোষ্ঠী বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, এই ক্ষুদ্র চরমপন্থী গোষ্ঠীগুলো শান্তি বিঘ্নিতের চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এই চরমপন্থীদের নিয়ন্ত্রণেরও আহ্বান জানাই’।
তবে ভারতীয় নেতাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেয়ার আহ্বান জানান রিজভি।
‘আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাদের নিজস্ব সমস্যাগুলো পরিচালনার অনুরোধ করছি। এখানে বাংলাদেশে, সমস্ত সম্প্রদায় শান্তিতে বাস করে’- যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘ভারতের সাধারণ মানুষের প্রতি বাংলাদেশের কোনো শত্রুতা নেই’।
ভারতীয় রাজ্যে কথিত সংখ্যালঘু নিপীড়নের তদন্ত করারও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেদনও জানিয়েছেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনের পর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলে বিএনপি সমর্থকদের ব্যাপক সমাগম দেখা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে