ঢাকার আকাশে নতুন অধ্যায়, প্রথমবার রানওয়েতে ‘রিয়াদ এয়ার’
বাংলাদেশের আকাশপথে নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো ঢাকায় অবতরণ করেছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ছেড়ে আসা সংস্থাটির প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রথমবারের এই আগমনকে স্মরণীয় করে রাখতে বিমানটিকে বিমানবন্দরে পানির ফোয়ারার অভিবাদনের মাধ্যমে স্বাগত জানানো হয়।
রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ভিন্সেন্ট কোস্টা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে সৌদি আরবের যোগাযোগ আরও বিস্তৃত করা এবং যাত্রীদের উন্নতমানের ভ্রমণসেবা দেওয়াই রিয়াদ এয়ারের অন্যতম লক্ষ্য। ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি এই নতুন বিমান যোগাযোগ দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ করবে। একই সঙ্গে ব্যবসা, পর্যটন ও অন্যান্য খাতে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণেও নতুন এই রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
ঢাকা ও রিয়াদের মধ্যে রিয়াদ এয়ারের নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে। সংস্থাটি প্রতিদিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। স্থানীয় সময় অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।
রিয়াদ এয়ারের ঢাকায় যাত্রা শুরু দুই দেশের দীর্ঘদিনের আকাশ যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী বসবাস করায় দুই দেশের মধ্যে নিয়মিত যাত্রী চলাচলের চাহিদা রয়েছে। নতুন এই বিমান সংস্থার সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের জন্য বিকল্প পরিবহন সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঢাকা-রিয়াদ রুটে বর্তমানে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। তাদের সঙ্গে এবার যুক্ত হলো সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার। ফলে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি আকাশপথে যাতায়াতের সুযোগ আরও বিস্তৃত হলো।
মতামত দিন