রংপুর-সিলেটের সাত জেলায় বন্যার শঙ্কা, কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে রংপুর বিভাগের পাঁচটি এবং সিলেট বিভাগের দুটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং ভারতের সংলগ্ন উজান এলাকায় আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে তা বাড়ার আশঙ্কা রয়েছে। এ সময় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন কিছু এলাকায় পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
রংপুর অঞ্চলেও পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়েছে, আর তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী তিন দিনে এই তিন নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। একই সময়ে ধরলা নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এর ফলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও বেড়েছে এবং আগামী পাঁচ দিন এ ধারা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভোগাই ও কংস নদীর পানিও গত এক দিনে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি বেড়েছে। যদিও গোমতী নদীর পানি কিছুটা কমেছে, তবে আগামী তিন দিনে এসব নদীর পানিও আবার বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।
মতামত দিন