ভাঙা হলো ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈত্রিক বাড়ি
রাজশাহীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্র পরিচালক ও লেখক ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়ি ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত ৬ ও ৭ আগস্ট দুই দিনে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, এমনটাই দাবি সাংস্কৃতিক কর্মীদের।
তাদের দাবি, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের ওপর দোষ চাপিয়ে হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান পুরনো স্থাপনাগুলো ভেঙে ফেলেছেন।
সাংস্কৃতিক কর্মীরা জানান, ঋত্বিকের বাড়ি ভেঙে জায়গাটি অন্য কাজে ব্যবহারের চেষ্টা কলেজ কর্তৃপক্ষ আগেও করেছে। বারবার বাধা দিয়েছেন তারা। এর মধ্যে বাড়িটি ভেঙে ফেলার খবর ছড়িয়ে পড়লে আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজশাহীর সাংস্কৃতিককর্মীরা জেলা প্রশাসকের কাছে যান।
সেখানে গিয়ে অবিলম্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ‘ঋত্বিক কুমার ঘটক’র পৈত্রিক বাড়ি ভাঙা বন্ধ এবং তা সংরক্ষণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায় ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস। সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসক শামীম আহম্মেদ ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে স্মারকলিপি প্রদান করে এ দাবি জানানো হয়।
রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান জানান, গত ৬ আগস্ট কিছু ছাত্র এসে প্রথমে বাড়িটি ভাঙতে শুরু করে। তাদের কয়েকজনকে তিনি চেনেন। যারা ভাঙছিলেন তিনি তাদের পরিচয় জানতে চেয়েছিলেন। তখন তারা জানান, তারা শ্রমিক ও কয়েকজন যুবক তাদের টাকা দিয়েছেন এটা ভেঙে ফেলার জন্য। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বাড়িটি ভেঙে ফেলার অভিযোগও অস্বীকার করেন অধ্যক্ষ।
এদিকে, রাজশাহী জেলা প্রশাসক শামিম আহমেদ বলেন, “ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি ভেঙে ফেলার কথা শুনেছি। সাংস্কৃতিককর্মীরা আমার কাছে এসেছিলেন। আমি অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। যারাই এই বাড়ি ভাঙুক, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে