পিএসএল নিলাম: ৩ কোটিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ, লাহোরে মুস্তাফিজ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে চলল তুমুল কাড়াকাড়ি। ২০২৬ সালের এই আসরে ৩ কোটি পাকিস্তানি রুপিতে নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিতে নাম লিখিয়েছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। অন্যদিকে, বড় অঙ্কের বিনিময়ে লাহোর কালান্দার্সে যুক্ত হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এবং লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল শিরোপাজয়ী রিশাদ হোসেনকে নিয়ে করাচির এক্সপো সেন্টারে ছিল ব্যাপক উত্তেজনা। নিলামে তার সাবেক দল লাহোর আগ্রহ না দেখালেও রিশাদকে পেতে লড়াইয়ে নামে করাচি কিংস ও রাওয়ালপিন্ডি। শেষ পর্যন্ত ৩ কোটি পাকিস্তানি রুপিতে এই বাংলাদেশি বোলারকে দলে ভিড়িয়ে বাজিমাত করে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি।
নিলামের অন্য এক আকর্ষণ ছিলেন মুস্তাফিজুর রহমান। তাকে পেতে ৬ কোটি ৪৪ লাখ রুপি খরচ করেছে লাহোর কালান্দার্স। তবে দিনের অন্যতম বড় চমক ছিল সাকিব আল হাসানের অবিক্রিত থাকা। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে নিলামে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
দীর্ঘ ১১ বছরের ইতিহাসে এবারই প্রথম ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে আইপিএলের আদলে নিলামে দল গঠন করছে পিসিবি। লিগ সম্প্রসারণের লক্ষ্যে শিয়ালকোট স্ট্যালিয়নস ও হায়দরাবাদ হাউস্টন কিংসুমেন নামে নতুন দুটি দল যুক্ত হওয়ায় এবার মোট ৮টি দল অংশ নেবে।
নিলামের জন্য এবার নিবন্ধন করেছিলেন ৮৭৯ জন দেশি-বিদেশি ক্রিকেটার। দলপ্রতি সর্বোচ্চ বাজেট ধরা হয় ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে চলছে জমজমাট বিডিং।
ধারণা করা হচ্ছে, রিশাদ ও মুস্তাফিজের এই অন্তর্ভুক্তি আসন্ন পিএসএলে বাংলাদেশি দর্শকদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে