Views Bangladesh Logo

তথ্য কমিশনে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগের আহ্বান তথ্য অধিকার ফোরামের

প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে দলীয় রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবের ঊর্ধ্বে উঠে দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা ও সৎসাহসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের সুপারিশের লক্ষ্যে গঠিত পাঁচ সদস্যের বাছাই কমিটির সভাপতি বিচারপতি ফারাহ মাহবুব এবং কমিটির অন্য সদস্যদের কাছে এ আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় সম্প্রতি প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্য অধিকার ফোরাম বলেছে, এর মাধ্যমে একটি স্বাধীন, কার্যকর ও জনমুখী তথ্য কমিশন গঠনের সুযোগ তৈরি হয়েছে।

সংগঠনটির মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে একটি দক্ষ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য কমিশনের ওপর। তাই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কেবল আইন অনুযায়ী দায়িত্ব পালনের সক্ষমতা নয়, বরং সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত থেকে জনস্বার্থে কাজ করার যোগ্যতাও বিবেচনায় নেওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, তথ্য অধিকার আইন নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার, রাষ্ট্রীয় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি কমানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে অতীতে দলীয় রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে তথ্য কমিশনের নিয়োগপ্রক্রিয়া প্রত্যাশিত সুফল দিতে পারেনি। বর্তমান বাছাই কমিটি এ ক্ষেত্রে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচন করবে বলে আশা প্রকাশ করেছে তথ্য অধিকার ফোরাম।

বিবৃতিতে তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের চেয়ারপারসন অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোলের স্বাক্ষর রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ