চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাত করে রিকশাযাত্রীর সর্বস্ব লুট, ভিডিও ভাইরাল
চট্টগ্রামে প্রকাশ্যে রিকশা থামিয়ে ছুরিকাঘাত করে এক যাত্রীর সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই তরুণ হাতে ধারালো ছুরি নিয়ে একটি রিকশা থামিয়ে যাত্রীকে ঘেরাও করে। এ সময় ভয় দেখিয়ে তাঁরা যাত্রীর কাছে থাকা নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নিতে থাকে। একপর্যায়ে ওই যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা জিনিস বের করতে না পেরে এক ছিনতাইকারী পকেট কেটে ফেলে। এ সময় অন্য ছিনতাইকারী ওই রিকশাযাত্রীর বুকে ও শরীরে ছুরি ধরে রাখে।
ভিডিওর একপর্যায়ে ভুক্তভোগী যাত্রীকে আকুতি জানিয়ে বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো’। তবে তিনি সামান্য নড়াচড়া করায় এক ছিনতাইকারী তার বাঁম পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এরপরই পকেট কাটতে শুরু করে অপরাধীরা। এ দৃশ্য দেখে আশপাশের বাসাবাড়ির বাসিন্দারা উপর থেকে ‘এই, এই, মার-মার’ বলে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনাটি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পেছনের পাথরঘাটার সতীশ বাবু লেন এলাকায় ঘটেছে। স্থানীয়দের দাবি, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি কোন সময়ে ঘটেছে, সেটা জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, ‘ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেননি। ঘটনা জানার পরপরই সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।’
মতামত দিন