রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম
মো. রিয়াজুল ইসলামকে দুই বছরের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসারে, তাকে ১৯৫৩ সালের নগর উন্নয়ন আইনের অধীনে নিযুক্ত করা হয়েছে।
এতে বলা হয়েছে, রিয়াজুলকে দায়িত্ব নেয়ার আগে সরকারি-বেসরকারি বা আধা সরকারি যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো পেশাগত সম্পর্ক ত্যাগ করতে হবে।
তার চুক্তির শর্তাবলি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
মো. সিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হবেন রিয়াজুল। সিদ্দিকুরকে ২০২৩ সালের ৮ এপ্রিল চুক্তিভিত্তিক রাজউকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত বছরের ১৯ সেপ্টেম্বর তার নিয়োগের চুক্তি বাতিল করা হয়। তবে, ২২ সেপ্টেম্বর আরেকটি প্রজ্ঞাপনে পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করে তাকে পুনর্বহাল করা হয়।
রাজউকের সদস্য (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিয়াজুল। তিনি বিএনপি সমর্থিত ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সভাপতিও ছিলেন, যা ৪ মার্চ ভেঙে দিয়েছে দলটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে