‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
পদ্মশ্রী সম্মাননার জন্য বাংলাদেশের রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে মনোনীত করেছে ভারত সরকার।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করে।
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হলো ভারতরত্ন। এরপরই অন্যতম সম্মাননা হলো পদ্ম পুরস্কার। এই পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়-পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। যারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন তাদেরকে এসব পুরস্কার প্রদান করা হয়।
সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গেছে, এ বছর ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে ভারত সরকার। তাঁদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন।
খবরে আরও জানা গেছে, এ উপলক্ষে প্রতি বছরের মার্চ বা এপ্রিলের দিকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করে থাকেন।
সাধারণত ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে