কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি
কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলেই লিয়াকত আলী খান নামের এক কর্মকর্তার নামে উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রামের আদালতে সংঘর্ষ ও এক আইনজীবীকে হত্যার বিষয়ে রয়টার্স বা কোনো সাংবাদিক উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি। লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কনস্টেবল আছেন। তারাও কাউকে কোনো বক্তব্য দেননি। মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দিয়েছে রয়টার্স।
সিএমপির বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় ৩১ অক্টোবর দায়ের করা মামলার (নং-৫২) এজাহারনামীয় ১ নম্বর আসামি সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের উদ্ভূত পরিস্থিতির ওপর বিদেশি সংবাদমাধ্যম রয়টার্সে গত ২৭ নভেম্বর বেলা ১২: ২৭ পিএম (জিএমটি+৬) সময়ে প্রকাশিত ‘One Killed in Bangladesh as Hindu protesters clash with police’ শিরোনামে একটি প্রতিবেদন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে।
রিপোর্টটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকাসহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়। রিপোর্টটিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ–পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘A Muslim lawyer defending Das was killed amid protests outside the court [in Chittagong, said police officer Liaquat Ali. ’
কারও বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। ভবিষ্যতে রয়টার্স ও সব গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে সিএমপি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে