শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় ইস্যু: জাহেদ উর রহমান
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে সরকার। এ প্রক্রিয়ায় তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান ও নিষ্পত্তি হওয়া মামলা এবং আদালতের রায়ের বিষয়ও আলোচনায় রয়েছে বলে জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। সম্প্রতি ভারতের হাইকমিশনারের সঙ্গে তাঁর বৈঠকেও এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। এ ছাড়া সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসছে বলে জানান তিনি।
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা প্রয়োজন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার বিষয়টিকে মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় হিসেবেই বিবেচনা করছে। এ ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই।
এর আগে গত ১৫ সেপ্টেম্বরও জাহেদ উর রহমান জানিয়েছিলেন, দুই দেশের সম্পর্ক সহজ করার ক্ষেত্রে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও অন্যান্য দণ্ডপ্রাপ্ত বা পলাতক আসামিদের ফেরত দেওয়ার বিষয়টি বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান হলো, বাংলাদেশ থেকে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ এলে সেটিকে আইনি বিষয় হিসেবে বিবেচনা করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে এ অবস্থানের কথা জানিয়েছে।
মতামত দিন