শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হবেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি পদে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মনোনীত করার পরিকল্পনা করছে সরকার। একইসঙ্গে স্কুলে ভর্তির ক্ষেত্রে বিতর্কিত ‘লটারি পদ্ধতি’ বাতিলের পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়নে অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে। সেই কমিশনের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হলে শিক্ষাব্যবস্থার আরও উন্নতি সম্ভব। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এহছানুল হক মিলন আরও উল্লেখ করেন যে, বর্তমানে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান না হওয়ায় অভিভাবকরা কোচিং ও গৃহশিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, যা থেকে বেরিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে এহছানুল হক মিলন বলেন, লটারি কখনোই মেধাবী ও অমেধাবী নির্ধারণ করতে পারে না এবং এটি ধনী-গরিবের বৈষম্যও কমায় না।
তিনি আরও বলেন, এ বিষয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। কেউ কেউ বলছেন, এতে ধনী-গরিবের বৈষম্য তৈরি হয়েছে। তবে আমার মতে, লটারি পদ্ধতি কখনোই মেধার সঠিক মূল্যায়ন করতে পারে না এবং এটি বৈষম্য কমাতেও কার্যকর নয়।
শিক্ষামন্ত্রী আরও দাবি করেন যে, লটারি পদ্ধতির স্বচ্ছতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তার মতে, লটারির আড়ালে কতজন শিক্ষার্থী প্রকৃত সুযোগ পেয়েছে আর কতজন তদবির বা পক্ষপাতিত্বের মাধ্যমে ভর্তি হয়েছে, সেই তথ্য তার কাছে রয়েছে।
অভিভাবকদের বড় স্কুলে ভর্তির প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দেশের সব জায়গাতেই ভালো স্কুল রয়েছে। এরপরও কেন অভিভাবকেরা নিজেদের এলাকার স্কুলে সন্তানদের ভর্তি না করিয়ে অন্যত্র পাঠাতে চান, সে বিষয়ে শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
সভায় এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে