Views Bangladesh Logo

অতিথি সেজে বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ঢুকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা শাহনাজ বেগমকে (৭০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ‘মা-ছেলে’ পরিচয়ে দুই ব্যক্তি বাড়িতে প্রবেশ করে কৌশলে ভেতরে অবস্থান নেয়। পরে তারা শাহনাজ বেগমকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় বাড়িতে ছিলেন নিহতের পুত্রবধূ সৈয়দা জিন্নাত আক্তার ও তার ছোট মেয়ে। একমাত্র ছেলে মাহমুদুল হাসান (সজীব) তখন নিকটবর্তী দাড়িদহ বাজারে নিজের ইলেকট্রনিক্স দোকানে ছিলেন।

পুত্রবধূ জিন্নাত আক্তার জানান, সন্ধ্যার দিকে চল্লিশোর্ধ্ব এক নারী তাদের বাড়িতে আসেন, যিনি তার শাশুড়ির পরিচিত ছিলেন। কিছুক্ষণ পর ওই নারীর ছেলে পরিচয়ে ২৩-২৪ বছর বয়সী এক তরুণও সেখানে আসে। তাদের আপ্যায়ন করা হয় এবং তারা শাশুড়ির ঘরে বসে গল্প করছিলেন।

তিনি বলেন, মাগরিবের নামাজ পড়তে নিজের ঘরে যাওয়ার পর হঠাৎ শাশুড়ির চিৎকার শুনতে পান। বের হতে গেলে দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান। প্রতিবেশীদের ডাকাডাকি করার পর দরজা খুলে শাশুড়ির কক্ষে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। ততক্ষণে আগন্তুকরা পালিয়ে যায়। পুরো ঘটনাটি প্রায় ৩০ মিনিটের মধ্যে ঘটে বলে জানান তিনি।

নিহতের পরিবার জানায়, ঘরে থাকা কোনো টাকা-পয়সা বা মূল্যবান জিনিস খোয়া যায়নি। তাদের কারও সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধও ছিল না।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, পুত্রবধূর বর্ণনা যাচাই করা হচ্ছে। আগন্তুকদের শনাক্ত করা গেলে হত্যার রহস্য উদঘাটন সহজ হবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ