‘ভারতীয় আগ্রাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের
‘ভারতীয় আগ্রাসন’ প্রতিরোধে জাতিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।
শনিবার (৭ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ‘জাতীয় ঐক্য ও সংহতি কাউন্সিল'-এর সমাবেশে তারা অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ভিয়েনা কনভেনশনের উল্লেখ করে বক্তারা বলেন, ‘কোনো মিশনে হামলা সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের ওপর হামলার সমতুল্য। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভারতের আধিপত্য ও আগ্রাসনের নীতি প্রদর্শন করে। ভারতকে অবশ্যই বুঝতে হবে যে, বাংলাদেশের জনগণ স্বাধীন দেশের ওপর আধিপত্য জাহিরের প্রচেষ্টাকে বরদাশত করবে না’।
ভারত সরকারকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করারও আহ্বান জানান কাউন্সিলের সদস্যরা।
মহাখালীর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া) কমপ্লেক্সের সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আহসান উল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মণীশ দেওয়ান ও কর্নেল (অব.) লুৎফুল হক ।
এর আগে থেকে কমপ্লেক্সের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে বিজয় সরণি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে