Views Bangladesh Logo

বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার হাতে: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির বলেছেন, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর রোববার ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

সালমান মুক্তাদির বলেন, বৃদ্ধ থেকে শিশু, নারী থেকে পুরুষ—দেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। একই সঙ্গে সব রাজনৈতিক দলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

স্বরাষ্ট্রমন্ত্রী তার স্টুডিওতে হামলার ঘটনায় মামলা হয়নি বলে যে বক্তব্য দিয়েছেন, ভিডিও বার্তায় সেটি নিয়েও প্রশ্ন তোলেন সালমান। তিনি বলেন, আপনি বলেছেন মামলা দায়ের করা হয় নাই। আপনি খেয়াল করছেন, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার আন্ডারে প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অথরিটি, প্রত্যেকটা অ্যাডমিন। আপনার এক কল, এক বাটনের আন্ডারে। আপনি জানেনও না যে মামলা দায়ের করা হয়েছে, আপনার কাছে এই আপডেটটা নাই।

সালমান আরও বলেন, তিনি বিএনপি ও চাঁদাবাজির প্রসঙ্গ তোলার পর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া তাকে বিস্মিত করেছে। মন্ত্রীর হাসির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনি মুচকি যেরকম হাসি দেন, এই মুচকি হাসি দেখে আমারও দিতে ইচ্ছা করছে। দেখেন, আমারও হাসি আসে, আপনারও হাসি আসে, আমরা একই রকম অসহায়।

নিজের অবস্থার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থার তুলনা করে সালমান বলেন, আপনিও কিছু করতে পারছেন না, আমিও কিন্তু কিছু করতে পারতাম না। আপনিও হেসে হেসে উড়িয়ে দিচ্ছেন, আমিও হেসে হেসে উড়িয়ে দিচ্ছি। এটাই দেশ, এটাই বাংলাদেশ।

তিনি আরও বলেন, আপনিও নাগরিক, আমিও নাগরিক, আমরা উভয়েই কিন্তু একেবারে অসহায় অবস্থায়। দেখেন, এই দেশের ক্ষমতাসীন সরকার এখন কে? বিএনপি।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্তের চেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সালমান বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি ভুলে যাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রশ্ন এইটা না কে কী করছে। আমরা এখানে তদন্তের জন্য আপনার কাছে আসি নাই, আমরা আসছি অ্যাকশনের জন্য।

এর আগে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা চাঁদাবাজির কারণে হয়নি। রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ এবং দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে এ ভাঙচুর হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত হয়েছে এবং আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ