Views Bangladesh Logo

দেশ গড়ার দায়িত্ব শিক্ষকদের: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেছেন, আগামী বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে। প্রাথমিক স্তরে প্রতিটি শিশুকে যত্নসহকারে শিক্ষা দেওয়া গেলে ঝরে পড়ার হার কমে আসবে।

শনিবার রাজধানীর মিরপুর-১৩ নম্বরে পিটিআইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সভায় মন্ত্রী বলেন, প্রত্যেককে দুর্নীতিমুক্ত থাকতে হবে। আমি পাঁচ বছর মন্ত্রী ছিলাম, আমার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলাও হয়নি। সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে সৎ থাকা। শুধু আর্থিক অনিয়মই দুর্নীতি নয়, দায়িত্ব পালনে গাফিলতিও এক ধরনের দুর্নীতি। একজন শিক্ষক যদি দায়িত্ব অনুযায়ী শ্রেণিকক্ষে সময় না দেন, শুধু সময় কাটিয়ে যান, তাহলে সেটিও দুর্নীতি। আপনি ৮ ঘণ্টা ক্লাস নেওয়ার জন্য স্কুলে গেছেন, কিন্তু ঠিকভাবে পাঠদান করলেন না, এটা কি দুর্নীতি নয়?

শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের পরিবর্তন আনতে হলে শিক্ষাক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। নিজের সন্তানের মতো করে প্রতিটি ছাত্রছাত্রীকে গড়ে তুলুন। আমি অনেক জায়গায় দেখি, শিক্ষকরা নিজেদের সন্তানকে অন্য স্কুলে পড়ান। তাহলে প্রশ্ন আসে আপনি কি সত্যিকারের শিক্ষক? শিক্ষকদের অন্তর্দৃষ্টি দিয়ে ভাবতে হবে, তাদের দায়িত্ব কী এবং তারা কী করতে চান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ