রোহিঙ্গা সংকট সমাধানের দায়িত্ব বাংলাদেশের একার নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানের দায়িত্ব বাংলাদেশের একার নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই বাংলাদেশের সুস্পষ্ট লক্ষ্য।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, প্রত্যাবাসন বলতে শুধু সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে ফিরে যাওয়াকে বোঝায় না। রোহিঙ্গাদের এমন পরিবেশে ফিরতে হবে, যেখানে তাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে তারা আস্থা নিয়ে বসবাস করতে পারবেন। এ জন্য মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী স্থায়ী পরিবেশ তৈরি করা জরুরি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি মিয়ানমারের নাগরিককে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এতে দেশের অর্থনীতি, পরিবেশ, জনসেবা, স্থানীয় জনগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তার ওপর ব্যাপক চাপ তৈরি হলেও মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানবিক দায়িত্বকে সীমাহীন দায়িত্ব হিসেবে দেখা ঠিক হবে না। রোহিঙ্গা সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি। ফলে এ সংকটের সমাধানের দায়িত্বও বাংলাদেশের একার হতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু সংহতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অংশীদারত্বমূলক দায়িত্ব নেওয়া এবং টেকসই রাজনৈতিক উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।
হুমায়ুন কবির আরও বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অর্থায়ন নিয়মিত ও নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে কার্যকর সহায়তা দিতে হবে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনায় রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো মোকাবিলায় গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, মানবিক সহায়তা সংকটের পরিণতি মোকাবিলা করতে পারে, কিন্তু এর স্থায়ী অবসান ঘটাতে পারে না। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য রাজনৈতিক সমাধান অপরিহার্য। সেমিনারে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজেন বক্তব্য দেন।
মতামত দিন