Views Bangladesh Logo

সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান পরিবেশ উপদেষ্টার

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় স্বার্থের ক্ষতি করতে পারে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থীসহ সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফরেন সার্ভিসেস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বিরোধ নিষ্পত্তিতে আলোচনার ওপর জোর দিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘ছোটখাটো সমস্যায় এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত নয়, যাতে জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়। আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

রাস্তায় বিক্ষোভ করার আগে সরকারের কাছে যাওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। সেই সঙ্গে ধ্বংসাত্মক কাজে জড়িত না হয়ে কর্তৃপক্ষের কাছে তাদের বক্তব্য উপস্থাপন বা সংবাদ সম্মেলনের মতো যথাযথ চ্যানেল ব্যবহার করতে পরামর্শ দেন তিনি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সমাজের একাংশের মধ্যে উত্তেজনার কথা স্বীকার করে উপদেষ্টা মাহফুজ আলম।

উপদেষ্টা জানান, ওই ঘটনায় দুটি মামলা করা হয়েছে। আরও মামলা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। দায়ীরা যাতে রেহাই না পায়, তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।

মাহফুজ আলম বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে একটি সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের মধ্যে আলোচনার হালনাগাদ তথ্য তুলে ধরেন উপদেষ্টা মাহফুজ। তিনি জানান, উভয় দলই দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা গঠনমূলক প্রস্তাব দেন এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় সরকারকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন। ড. ইউনূস সাম্প্রদায়িক অস্থিরতা, চরমপন্থা ও সহিংসতা মোকাবিলায় তাদের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা মাহফুজ বলেন, 'সাম্প্রদায়িক বিশৃঙ্খলা রোধ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা সব অংশীজনদের সঙ্গে সম্পৃক্ত রয়েছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ