গোপালগঞ্জের ডিসি-এসপি পদে রদবদল
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার। জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের ডিসি ড. জি এম সরফরাজ। আর নতুন এসপি করা হয়েছে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান ডিসি মো. আরিফ-উজ-জামানকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের ডিসি ড. জি এম সরফরাজ।
অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদার।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে রোববার গোপালগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে আসেন দলটির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর এবং বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনার পর জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে এই রদবদল করা হলো।
মতামত দিন