গুলিবিদ্ধ শিশু রেশমির অবস্থা সংকটাপন্ন, চোখ থেকে গুলি বের করা যায়নি
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে চোখে বিদ্ধ হওয়া ১১ বছর বয়সী শিশু রেশমি আক্তারের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং গুলিটি চোখ দিয়ে ঢুকে মাথার গভীরে আটকে রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) নিউরোসার্জারি ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ জানিয়েছেন, শিশুটির শরীর বর্তমানে প্রায় ব্রেন-ডেড অবস্থায় রয়েছে। তার চেতনা প্রায় নেই এবং রক্তচাপও অত্যন্ত নিচে নেমে গেছে। মেডিকেল বোর্ড অস্ত্রোপচারের ঝুঁকি বিবেচনায় গুলি অপসারণ না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ অপারেশন করলে জীবনহানি ঘটার আশঙ্কা আরও বেড়ে যেতে পারে।
শিশুটিকে বর্তমানে সিএমসিএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায়। সেখানে অজ্ঞাত ৪–৫ জন দুর্বৃত্ত মো. হাসান ওরফে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করে। ওই সময় সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি পথচারী শিশু রেশমির চোখে লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে আবারও তাকে সিএমসিএইচে আনা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, রেশমি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। ঘটনার সময় সে মায়ের জন্য পান কিনতে বাসা থেকে বের হয়েছিল বলে পরিবার জানিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে