Views Bangladesh Logo

জুনে রিজার্ভ বাড়বে - গভর্নর

 VB  Desk

ভিবি ডেস্ক

র্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ২৭ বিলিয়ন মার্কিন ডলার। আগামী মাসে, অর্থাৎ জুনে, এই রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, দীর্ঘমেয়াদে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তবে সে লক্ষ্যে পৌঁছাতে সময় লাগবে।

তিনি বলেন, “রিজার্ভ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।”

বুধবার (২১ মে) রাজধানীর গুলশানে হোটেল আমারিতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত এক গবেষণা ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর। অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (IGC)-এর সহযোগিতায়। গবেষণার শিরোনাম ছিল—“বাংলাদেশে আর্থিক উন্নয়নের ভৌগোলিক ও ঐতিহাসিক প্রবণতা”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। তিনি বলেন, “গবেষণায় দেশের কিছু অঞ্চল চিহ্নিত হয়েছে যেখানে এখনো আর্থিক সেবার প্রাপ্তি সীমিত। আমাদের দায়িত্ব হচ্ছে, এসব এলাকাকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআইর চেয়ারম্যান ড. জাইদী সাত্তার। তিনি বলেন, “এই গবেষণায় ব্যাংকিং খাতের ভৌগোলিক ও সময়ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, যা দেশের আর্থিক বৈষম্যের একটি সুস্পষ্ট চিত্র সামনে এনেছে।”

মূল গবেষণা উপস্থাপন করেন পিআরআইর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। তিনি জানান, “জাতীয়ভাবে মাত্র ১ শতাংশ ঋণ গ্রহীতা দেশের ৭৫ শতাংশ ব্যাংক ঋণ গ্রহণ করছে। আর ৭৮ শতাংশ ঋণ ঢাকা ও চট্টগ্রামে সীমাবদ্ধ।”

তিনি আরও বলেন, “বেসরকারি ব্যাংকগুলো মূলত দেশের ধনী পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত। দীর্ঘ সময় ব্যাংক শাখা সম্প্রসারণ সত্ত্বেও তারা দরিদ্র অঞ্চলে পৌঁছাতে পারছে না। বাস্তবতা হলো, বেসরকারি ব্যাংকগুলো গরিবদের জন্য ব্যাংকিং সেবা দিচ্ছে না।”

প্যানেল আলোচনায় অংশ নেন আইজিসির বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা ড. নাসিরুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) মো. আনিস উর রহমান। তারা ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ কাঠামো সংস্কার এবং তথ্য সংগ্রহ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এই গবেষণার মাধ্যমে দেশের আর্থিক খাতের আঞ্চলিক বৈষম্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের চ্যালেঞ্জগুলো নতুনভাবে সামনে এসেছে বলে মত বিশ্লেষকদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ