সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল (বুধবার)।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সভায় মোট পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ এপ্রিল ২০২৬ তারিখে তফসিল প্রকাশ করা হবে এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে বিস্তারিত শিডিউল জানানো হবে।
আখতার আহমেদ আরও জানান, সংসদীয় জোট ও আসন বণ্টন সম্পর্কেও আলোচনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোটে কয়েকটি দল যুক্ত রয়েছে, যার মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নুর এবং আন্দালিব রহমান পার্থের দলও আছে। অন্যদিকে জামায়াতের সঙ্গে এনসিপি ও খেলাফত আন্দোলন যুক্ত রয়েছে। রুমিন ফারহানা জোটে থাকছেন না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আসন বণ্টনের হিসেবে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা ১টি আসন পেতে পারে বলে প্রাথমিক হিসাব উঠে এসেছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত থাকে। এছাড়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে আইনি জটিলতায় ফল প্রকাশ হয়নি।
বর্তমান সংসদীয় কাঠামো অনুযায়ী, দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন নির্ধারণ করা হয়। নিয়ম অনুযায়ী, কোনো দল সংসদে যত আসন পায়, সেই সংখ্যা ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে তাদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে