Views Bangladesh Logo

সংরক্ষিত নারী এমপিদের দায়িত্ব পুরো দেশের, নির্দিষ্ট কোনো এলাকার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সংরক্ষিত নারী এমপিদের দায়িত্ব নির্দিষ্ট কোনো নির্বাচনি এলাকায় সীমাবদ্ধ নয়; তাদের কার্যপরিধি সমগ্র বাংলাদেশ।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, সরকারি দলের এক সংরক্ষিত নারী এমপি দুটি সংসদীয় আসনকে নিজের ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয়ভাবে এমন প্রচারও চলছে যে, ওই এলাকাগুলোতে নির্বাচিত এমপির চেয়ে সংরক্ষিত আসনের এমপিই বেশি কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিরোধী দলের জেতা আসনগুলোতেই কেন এমন দায়িত্ব দেওয়া হচ্ছে—তা নিয়েও প্রশ্ন তুলে তিনি একদলীয় শাসনের আশঙ্কা প্রকাশ করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী ৩০০টি সাধারণ আসনের পাশাপাশি ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ আসনের এমপিদের নির্দিষ্ট নির্বাচনি এলাকা থাকলেও সংরক্ষিত আসনের সদস্যদের ক্ষেত্রে এমন কোনো ভৌগোলিক সীমানা প্রযোজ্য নয়। তাদের নির্বাচনি এলাকা পুরো বাংলাদেশ।

তিনি বলেন, কোনো সংরক্ষিত নারী এমপি নিজেকে নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত হিসেবে উপস্থাপন করলে তা সঠিক হবে না। বরং তাদের নিজেদের সমগ্র বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে সরকারি বরাদ্দ পান, তা দেশের যেকোনো এলাকায় ব্যয় বা উপ-বরাদ্দ দিতে পারেন। বাংলাদেশের যেকোনো স্থানে সংসদীয় দায়িত্ব পালনের অধিকার তাদের রয়েছে। তবে নির্দিষ্ট কোনো এলাকার জন্য আলাদা দায়িত্ব বা কর্তৃত্বের বিষয়টি সংবিধান বা আইনে উল্লেখ নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ