রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ (মঙ্গলবার) ছিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায়, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন প্রতিবেদন দাখিলের জন্য এ নতুন তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার সুইফট কোড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে স্থানান্তর করা হয়।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এই অর্থপাচারের ঘটনাটি ঘটায়।
ঘটনার পর একই বছরের ১৫ মার্চ, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় একটি মামলা করেন। মামলাটি দায়ের করা হয় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ধারা ৪ এবং তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬-এর ধারা ৫৪ ও ৩৭৯ এর অধীনে।
বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মতামত দিন