নতুন বাংলাদেশ গঠনে গবেষণা ও দক্ষ জনশক্তির বিকল্প নেই: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতামূলক সক্ষমতার অন্যতম চালিকাশক্তি।
শনিবার (১১ জুলাই) সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণাগার গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষের কেন্দ্র হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আধুনিক এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলবে এবং গবেষণা, উদ্ভাবনী প্রোটোটাইপ তৈরি ও শিল্পখাতের উপযোগী সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে সরকারের ধারাবাহিক উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
অনুষ্ঠানে এআই প্রকল্প প্রদর্শনীতে জমা পড়া ১৪৫টি প্রকল্পের মধ্য থেকে ছয়টি বিভাগে বিজয়ী ১২টি দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. এস এম আর কাবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামস ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন