Views Bangladesh Logo

উদ্ধারকারীর বর্ণনায় রাহুলকে পানি থেকে তোলার পর কী হয়েছিল

জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তালসারিতে নদীর মোহনায় ঠিক কী ঘটেছিল—এমন প্রশ্ন এখন ঘুরছে সর্বত্র। এত মানুষের উপস্থিতির মধ্যেও কীভাবে তিনি ডুবে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে, যার বেশিরভাগই একে অপরের সঙ্গে মিলছে না।

প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতার একাধিক সংবাদমাধ্যম হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণেই তার মৃত্যু হয়েছে। তার ফুসফুস, শ্বাসনালি, খাদ্যনালি এবং পেটে বালি ও লবণাক্ত পানির উপস্থিতি পাওয়া গেছে। এর ফলে তার ফুসফুস স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ ফুলে গিয়েছিল বলে জানা গেছে।

ঘটনার সময় সমুদ্রতটে একটি শুটিং চলছিল। নিরাপত্তার জন্য সেখানে দায়িত্বে ছিলেন স্থানীয় লাইফগার্ড ভগীরথ জানা। তিনিই প্রথম পরিস্থিতি বুঝে পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

এক সাক্ষাৎকারে ভগীরথ জানান, তিনি দুপুর থেকেই শুটিং স্পটে উপস্থিত ছিলেন এবং সমুদ্রের কাছে যাওয়ার সময় অভিনেতা-অভিনেত্রীদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে বিকেলের দিকে হঠাৎ করেই আবহাওয়ার অবনতি ঘটে এবং দ্রুত জোয়ার বাড়তে শুরু করে। তার দাবি, এই আকস্মিক পরিবর্তনের কারণে সতর্কবার্তা যথাসময়ে পৌঁছানো সম্ভব হয়নি।

ভগীরথের ভাষ্য অনুযায়ী, ‘ওরা যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল, আমি দৌড়ে গিয়ে প্রথমে অভিনেত্রী শ্বেতাকে উদ্ধার করি। এরপর রাহুলকে টেনে তুলি। তাকে কাঁধে করে তীরে নিয়ে এসে দ্রুত একটি গাড়িতে তোলা হয়।’

তিনি জানান, ‘রাহুল সাঁতার জানতেন না, ফলে তিনি প্রচুর পানি গিলে ফেলেছিলেন। তবে উদ্ধার করার সময় তিনি পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েননি—শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, হাঁসফাঁস করছিলেন। পেটে চাপ প্রয়োগ করলে তার মুখ দিয়ে কিছু পানি বের হয় এবং তিনি বমিও করেন।’

ভগীরথ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এই কাজ করছি। ওই এলাকায় স্রোত খুবই তীব্র ছিল। আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই পরিস্থিতির মুখোমুখি হতো।’

এই মর্মান্তিক ঘটনায় টলিউডজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকারীর এই বর্ণনা অভিনেতার শেষ মুহূর্তের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে, যা রহস্যকে আরও গভীর করে তুলেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ