নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার ৭ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু
ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর বুধবার রাতে উদ্ধার কাজ শুরু হয়েছে। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থল বাগমারি এলাকায় এসে রাত পৌনে ৮টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করে।
রেলওয়ের একজন দায়িত্বরত কর্মকর্তা জানান, বগিগুলো লাইনে তোলার কাজ সারারাত লাগতে পারে এবং সম্ভবত বৃহস্পতিবার সকাল ৯-১০টার মধ্যে লাইন ক্লিয়ার হবে।
ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশনে থেমে তিলকপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও কিছু সময় পর আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ৬৬ জন যাত্রী আহত হন। এর মধ্যে ২০ জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন, ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৬ জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো ওই রুটে চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে মন্ত্রণালয় জানিয়েছে, বিকল্প ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের দুই প্রান্তে যাত্রীরা নেমে অন্য ট্রেনে উঠে যাত্রা সম্পন্ন করবেন। মন্ত্রণালয় আন্তরিকভাবে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে