নাহিদ ইসলামের অফিসে গুলির ঘটনা ‘সত্য নয়’
রাজধানীর বাড্ডা এলাকায় গুলিবর্ষণের একটি ঘটনা ঘটেছে। তবে এ ঘটনা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে। এসব পোস্ট দ্রুত ভাইরাল হলে বিভ্রান্তির সৃষ্টি হয়। পরিস্থিতির প্রেক্ষিতে বিকেল পাঁচটার দিকে এনসিপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসসংলগ্ন এলাকায় মঙ্গলবার গুলির ঘটনা ঘটে। তবে সেটি কোনো নির্বাচনী অফিস নয় এবং নাহিদ ইসলামের কার্যালয়ও নয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও প্রাথমিকভাবে ধারণা করা হয়। বার্তাটি পাঠান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়।
তিনি বলেন, যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। তবে ওই মাসেই কার্যালয়টি আফতাবনগরে স্থানান্তর করা হয়। ফলে কোনোভাবেই এটিকে এনসিপির কার্যালয় বা নির্বাচনী ক্যাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণ বলা যাবে না। তিনি আরও জানান, ঘটনাস্থলে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে