Views Bangladesh Logo

পাবনার দুই আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয়: ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

পাবনা–১ ও পাবনা–২ সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ কথা জানানো হয়।

এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে এবং ইতোমধ্যে প্রকাশিত এ ধরনের সংবাদ প্রত্যাহারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।

শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বক্তব্যের বরাতে কয়েকটি গণমাধ্যমে পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশ পায়। পরে বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, নির্বাচন স্থগিত হয়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শুধু এই দুই আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

এর আগে হাইকোর্টের রায়ের পর পাবনা–১ ও পাবনা–২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে। তবে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই বিজ্ঞপ্তির ওই অংশ স্থগিত করেন। এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুযায়ী সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা–১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা–২ আসন নির্ধারণ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ