Views Bangladesh Logo

১৪ এপ্রিলের আগেই শেরপুর-৩-এ পুনর্নির্বাচন, বগুড়া-৬-এ উপনির্বাচন

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে ১৪ এপ্রিলের আগেই শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন আয়োজন করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়ী হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একই সঙ্গে ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচিত হন। সংবিধান ও নির্বাচনী বিধান অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে জয়ী হলে তাকে একটি আসন রেখে অন্যটি ছেড়ে দিতে হয়। সে অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেলে ৪ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে কমিশন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর (১) উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।

আইন অনুযায়ী, মৃত প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করে।

এই বিধান অনুসারেই শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল এবং এখন সেখানে পুনর্নির্বাচনের প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ