Views Bangladesh Logo

জিন্নাহর ছবি সরিয়ে ছাত্রদল আসলে জিন্নাহর পক্ষ নিয়েছে: ডাকসু জিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার ব্যাখ্যা দিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তিনি বলেছেন, জিন্নাহ যে বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতেই ছবিটির সঙ্গে তার বক্তব্যের উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে ডাকসুর সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবিটি ভেঙে দেন আবু তৈয়ব হাবিলদার নামে এক সাবেক শিক্ষার্থী।

এস এম ফরহাদ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আকস্মিক কোনো ঘটনা ছিল না। এর পেছনে দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ছিল। তার ভাষ্য, জিন্নাহ ধারাবাহিকভাবে বাংলা ভাষার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার পক্ষে বক্তব্য দিয়েছিলেন। সেই ঐতিহাসিক অবস্থান বোঝাতেই ছবির নিচে জিন্নাহর বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে।

ডাকসুর জিএস আরও বলেন, ছবিটি সংগ্রহশালায় না রাখলে জিন্নাহর বাংলা ভাষাবিরোধী অবস্থান আড়াল করার অভিযোগ উঠতে পারত। তার দাবি, জিন্নাহর ছবি ও বক্তব্য একসঙ্গে উপস্থাপনের উদ্দেশ্য ছিল ইতিহাসের ওই অধ্যায়কে স্পষ্টভাবে তুলে ধরা, তাকে দায়মুক্তি দেওয়া নয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জিন্নাহর ছবি সরানোর দাবির সমালোচনা করেন ফরহাদ। তিনি বলেন, ছাত্রদলের নেতারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ছবিটি সরানোর দাবি জানিয়েছেন এবং এ বিষয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন। তার মতে, এই অবস্থান কার্যত জিন্নাহর পক্ষ নেওয়ার শামিল। তবে সংগ্রহশালায় ছবিটি রাখা কোনো পক্ষ-বিপক্ষের বিষয় নয়, বরং ঐতিহাসিক তথ্য উপস্থাপনের অংশ বলেও দাবি করেন তিনি।

ফরহাদ আরও বলেন, ছাত্রদল হয়তো জিন্নাহর বাংলা ভাষাবিরোধী ভূমিকা সম্পর্কে জানে না, অথবা জেনেও বিষয়টি আড়াল করার চেষ্টা করছে। তার ভাষ্য, জিন্নাহর ঐতিহাসিক ভূমিকা নিয়ে ভিন্নমত থাকলেও ইতিহাস মুছে ফেলার বদলে তা যথাযথ প্রেক্ষাপটে তুলে ধরাই উচিত।




মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ