মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়তে পারে: প্রবাসী কল্যাণমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না থাকায় কিছুটা প্রভাব পড়া স্বাভাবিক হলেও প্রবাসীদের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে।
রোববার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে রেমিট্যান্সে কিছু প্রভাব পড়তেই পারে। তবে সরকার রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার সুফল খুব শিগগিরই দৃশ্যমান হবে।”
মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সরকার তাদের নিরাপদে রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনে লজিস্টিক সহায়তা, চিকিৎসাসেবা এবং পরিস্থিতি খারাপ হলে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একটি মনিটরিং সেল গঠন করেছে। প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্ত্রী জানান, এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সংঘাতে তিনজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
বিদেশে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে এখন তা সম্ভব হচ্ছে না। তাই বিকল্প হিসেবে পূর্বাঞ্চলীয় দেশগুলোর বাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা চলছে। রমজান ও যুদ্ধ পরিস্থিতির কারণে কাজের গতি কিছুটা ধীর হলেও আগামী মাস থেকে তা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে আইনশৃঙ্খলা কমিটির সভায় সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি পুলিশকে ঈদকে সামনে রেখে সাদা পোশাকে টহল বাড়ানো, গোয়েন্দা নজরদারি জোরদার করা এবং মার্কেট ও জনবহুল এলাকায় সিসিটিভি পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে