Views Bangladesh Logo

২১ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২৩.৫ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২১ দিনেই দেশে বৈধ পথে দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশে মোট ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (২ দশমিক ০৯ বিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৬৯ কোটি ৬০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম পাঁচ দিনেই দেশে আসে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়তে থাকায় ২১ দিনের মাথায় মোট রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার অতিক্রম করে।

পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ৯০ লাখ ডলার, যা ২৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির সমান।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং নীতিগত উদ্যোগের কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে।

তাদের ধারণা, এ প্রবাহ অব্যাহত থাকলে চলতি জুলাই মাস শেষে দেশের রেমিট্যান্স ৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করতে পারে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ