Views Bangladesh Logo

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৮৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৩২ শতাংশ

দেশে প্রবাসী আয়ের প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্টের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, শুধু ১৭ আগস্ট দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা। এর ফলে চলতি মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৮ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের আগস্টের একই সময়ে দেশে এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

ডলারের হিসাবে বাড়ার পাশাপাশি দেশীয় মুদ্রায়ও রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্য। প্রতি ডলার ১২৩ টাকা ধরে আগস্টের প্রথম ১৭ দিনে আসা রেমিট্যান্সের মূল্য দাঁড়ায় প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব রাখার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম ৪৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৮৪ কোটি ৪০ লাখ ডলার। শতকরা হিসাবে এ প্রবৃদ্ধি ২১ দশমিক ৬০ শতাংশ। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্সে চলতি অর্থবছরের শুরু থেকেই ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক হিসাব বলছে, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এ গতি তৈরি হয়েছে। সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও দেশের সামগ্রিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ