Views Bangladesh Logo

আগস্টের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪১৪ কোটি ৪০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে টাকার অঙ্ক নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, মাসের প্রথম ২২ দিনেই প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ২১৪ কোটি ডলার ছাড়িয়েছে।

ব্যাংকভিত্তিক হিসাবে আগস্টের এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ১৫১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার। বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে আরও ৪৪ লাখ ৮০ হাজার ডলার।

ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আগস্টের প্রথম ২২ দিনে এই ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ৪৩ কোটি ৭ লাখ ডলার। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২৪ কোটি ৫ লাখ ডলার।

রেমিট্যান্স আহরণে এরপরের অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ১৮ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৫১ লাখ ডলার, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৮৪ লাখ ১০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ১০ হাজার ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মাস শেষ হওয়ার আগেই রেমিট্যান্সের প্রবাহ আরও বাড়তে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ