এপ্রিলে প্রবাসী আয় বেড়েছে ৩৭ শতাংশ
গত এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ৩৭ শতাংশ। কারণ প্রবাসী বাংলাদেশিরা অর্থ পাঠানোর জন্য আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলগুলোর ওপর আস্থা রাখছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ২৬০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা গত বছরের একই সময়ের ১৯০ কোটি মার্কিন ডলারের তুলনায় বেশি।
এপ্রিলের এই রেমিট্যান্স প্রবাহসহ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে মোট ২ হাজার ৪৩৯ কোটি মার্কিন ডলার পাঠান বিদেশে বসবাসরত বাংলাদেশিরা। যা গত বছরের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি।
এই প্রবাসী আয় বাংলাদেশকে বৈদেশিক মুদ্রার সংকট থেকে পুনরুদ্ধারে সহায়তা করছে। যা এক সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছিল এবং আন্তর্জাতিক লেনদেনের সারসংক্ষেপে (ব্যালান্স অব পেমেন্ট) ভারসাম্যহীনতা তৈরি করেছিল।
জানা গেছে, ক্রমাগত প্রবাসী আয় বাড়ায় কয়েক মাসের ব্যবধানে এই সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে