অক্টোবরে দেশে রেমিট্যান্স এলো ২.৩০ বিলিয়ন ডলার
গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে ২০২৪ সালের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। যা গত বছরের অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স থেকে ১৬ দশমিক ৭৫ শতাংশ বেশি।
২০২৩ সালের অক্টোবরে ১ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২.৪০ বিলিয়ন ডলার।
এদিকে বিপিএম৬ পদ্ধতিতে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরের প্রথম ১৯ দিনে দেশে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠায় প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই অর্থবছরের জুন মাসে রেমিট্যান্স আসে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার, যা ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ। রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি এপ্রিল মাস থেকে অব্যাহত থাকে এবং জুন মাস পর্যন্ত প্রতি মাসে রেমিট্যান্স যথাক্রমে ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে