Views Bangladesh Logo

১৬ দিনে ১৮১ কোটি ডলারের প্রবাসী আয়, রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স), যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। প্রবাসী আয়ের এ ধারাবাহিক বৃদ্ধির প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।

মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংক–এর সর্বশেষ তথ্যে জানা গেছে, ১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৮০ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। গত বছর একই সময়ে প্রবাসী আয় ছিল ১৪৯ কোটি ডলার।

প্রবাসী আয় বৃদ্ধির ফলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। এতে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এর আগে ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৩৪ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার, যা বিপিএম৬ হিসাবে ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

চলতি মাসে গড়ে প্রতিদিন প্রায় ১১ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। নির্বাচনকে সামনে রেখে গত দুই মাস ধরে প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে দেশে এসেছে ৩১৭ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স।

এর আগে টানা পাঁচ মাস প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের নিচে ছিল। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, সাধারণত দুই ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ে। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচনকে ঘিরেও প্রবাসী আয় বেড়েছে। প্রবাসী অধ্যুষিত দেশগুলো থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। নির্বাচনকেন্দ্রিক তহবিল সংগ্রহের একটি অংশও প্রবাসী আয়ের মাধ্যমে দেশে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ