কুষ্টিয়ায় পীরের দেহাবশেষ সরানো ঠেকাতে পাকা করা হলো কবর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলায় নিহত পীর আবদুর রহমান ওরফে শামীমের মরদেহ আবারও সরিয়ে নেওয়া ঠেকাতে তার কবর পাকা করা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কবরের চারপাশে দেয়াল তুলে ওপরে ঢালাই দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাতে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান থেকে শামীমের মরদেহ তুলে তার প্রতিষ্ঠিত দরবার শরিফে দাফন করা হয়। পরদিন শনিবার সকালে কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন।
পরে প্রশাসন দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উদ্ধার করে বিকেলেই আগের কবরস্থানে দাফনের ব্যবস্থা করে।
মরদেহ সরিয়ে নেওয়ার ঘটনায় শনিবার দিবাগত রাতে দৌলতপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন শামীমের বড় ভাই ফজলুর রহমান।
তিনি বলেন, কারা দেহাবশেষ সরিয়ে নিয়েছিল, তা পরিবারের জানা নেই। এ বিষয়ে পরিবারের কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। মরদেহের নিরাপত্তা নিশ্চিত করতেই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কবরের চারপাশে দেয়াল দিয়ে ওপরে ঢালাই দেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, কারা মরদেহ সেখান থেকে সরিয়ে নিয়েছিল, তা শনাক্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত করছে। আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কবরস্থান ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েনসহ কড়া নজরদারি রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল দরবারে মব হামলার ঘটনায় শামীম নিহত হন। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছিল।
মতামত দিন