বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরিত হলো আহমদ ছফার দেহাবশেষ
মৃত্যুর প্রায় ২৫ বছর পর প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফার কবর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের রাষ্ট্রীয় মর্যাদাপ্রাপ্ত অংশে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ব্যবস্থাপনায় তার দেহাবশেষ সাধারণ কবরস্থান থেকে সরিয়ে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অংশে পুনরায় দাফনের বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির সমাজকল্যাণ কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।
গৌতম কুমার বিশ্বাস জানান, বুধবার সকাল ১১টার দিকে পুরনো কবর থেকে দেহাবশেষ স্থানান্তরের কাজ শুরু হয়। বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হলেও দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ১টার মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ জানুয়ারি আহমদ ছফার ভাইয়ের ছেলে নুরুল আনোয়ার পরিবারের পক্ষ থেকে কবর স্থানান্তরের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের শিল্প, সাহিত্য, রাজনীতি ও সমাজচিন্তায় আহমদ ছফার অসামান্য অবদান থাকা সত্ত্বেও তিনি প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান পাননি। তাই তার কবর সাধারণ অংশ থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের অনুরোধ জানানো হয়।
পরিবারের ওই আবেদনের পর গত ১৩ এপ্রিল ডিএনসিসির ১৪তম বোর্ড সভায় বিষয়টি আলোচনায় আসে। পরে সর্বসম্মতিক্রমে আহমদ ছফার কবর স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।সিদ্ধান্তের পর ডিএনসিসির সমাজকল্যাণ বিভাগ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার তার দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবীদের জন্য নির্ধারিত অংশে স্থানান্তর করে।
উল্লেখ্য, আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন। সে সময় তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবরের নম্বর ছিল ১০৮০।
মতামত দিন