Views Bangladesh Logo

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (২৩ আগস্ট) সংশোধিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করেছেন। এর ফলে হালাল মান ও সনদসংক্রান্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়টি স্পষ্টভাবে নির্ধারিত হলো।

সংশোধনের অংশ হিসেবে ‘রুলস অব বিজনেস’-এর শিডিউল-১-এ থাকা মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনের তালিকায় নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের অধীনে আইটেম নম্বর ২২-এর পর ২৩ নম্বর আইটেম সংযোজন করা হয়েছে। সেখানে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, সংশ্লিষ্ট মানদণ্ড তৈরি এবং হালাল সনদ দেওয়ার বিষয়গুলো ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পরিচালিত হবে। সরকারি পর্যায়ে এ কার্যক্রমের দায়িত্ব কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে, সংশোধিত কার্যবিধির মাধ্যমে সেটিও এখন স্পষ্ট হলো।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের জন্য হালাল সনদ দিয়ে আসছে। হালাল মান যাচাই ও সনদ প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করলেও এতদিন এ দায়িত্বের আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল।

‘রুলস অব বিজনেস’ সংশোধনের মাধ্যমে হালাল মান ও সনদসংক্রান্ত বিষয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের তালিকায় সরাসরি যুক্ত হওয়ায় এ কার্যক্রম এখন আনুষ্ঠানিক প্রশাসনিক ভিত্তি পেল। ফলে ভবিষ্যতে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদানের প্রক্রিয়া আরও সুসংগঠিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ