সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১১ এপ্রিল) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এই ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজ জেলা লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের একটি নিয়মিত ফ্লাইটে তাকে ঢাকায় পাঠানোর পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।
জানা গেছে, ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। পৌঁছানোর পর মন্ত্রীকে সেটিতে করে রাজধানীতে নেওয়া হবে।
জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে