Views Bangladesh Logo

দীর্ঘ তাপপ্রবাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীর কিছু এলাকায় বৃষ্টির দেখা মিলেছে, যা নগরবাসীর মাঝে স্বস্তি এনে দিয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যদিও তা এখনও পুরো শহরে ছড়িয়ে পড়েনি।

এর আগে সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। দুপুরে অল্প সময়ের জন্য ফোঁটা ফোঁটা বৃষ্টি হলেও তা স্থায়ী হয়নি। বিকেলে শুরু হওয়া বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমিয়ে স্বস্তি ফিরিয়ে আনে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও অস্থায়ী বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া দিনের তাপমাত্রা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দেশের অন্যান্য এলাকায় সামান্য হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে আগামী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, যা সাময়িক জলাবদ্ধতার কারণ হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ