টানা বৃষ্টিতে তলিয়ে গেল রংপুর নগরীর ৩৩ ওয়ার্ড, পানিবন্দি ৩ হাজার পরিবার
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রেকর্ড ভাঙা টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে রংপুর নগরীর জনজীবন। ৩৩টি ওয়ার্ডের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বিশেষ করে ১২টি মহল্লার প্রায় ৩ হাজার পরিবার বর্তমানে পুরোপুরি পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
নগরীর বিভিন্ন এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়ায় গৃহস্থালির স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে, বিশেষ করে রান্না করার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনেক স্থানে পানির কল ডুবে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। বাধ্য হয়ে পানিবন্দি মানুষেরা শুকনো খাবার খেয়ে সময় অতিবাহিত করছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও ময়লা পরিষ্কার না করায় এই ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া শ্যামাসুন্দরী ও কেডি খাল সংস্কার না করা, পরিকল্পনাহীনভাবে বাড়ি নির্মাণ এবং পানি নিষ্কাশনের উৎসমুখগুলো বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো নগরী অচল হয়ে পড়ছে।
তবে জলাবদ্ধতার জন্য নাগরিকদের অসচেতনতাকেও দায়ী করেছেন রংপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আযম খান। তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় ড্রেনের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে দ্রুত পানি জমে যাচ্ছে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সকাল থেকেই পানি নিষ্কাশনে কাজ করছে। আশা করা হচ্ছে দুপুরের মধ্যেই অধিকাংশ এলাকার পানি নেমে যাবে।
রংপুর আবহাওয়া অফিসের প্রধান জানান, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ১১০ মিলিমিটার ধরা হলেও এবার হয়েছে ২৯০ মিলিমিটার।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আফরোজা পারভিন জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত রংপুরে ৬৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে নগরবাসীর দুর্ভোগ বাড়লেও এই বৃষ্টিকে কৃষির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি কর্মকর্তারা। রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, এপ্রিলের এই বৃষ্টিতে বোরো চাষে সেচের খরচ অনেকটাই কমে গেছে। অনেক জমিতে ধানে ইতোমধ্যে শীষ এসেছে। ভারি বৃষ্টিতেও ফসলের তেমন ক্ষতির আশঙ্কা নেই। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে