Views Bangladesh Logo

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ঈদযাত্রা, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে ঈদযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। বুধবার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের প্রধান সড়ক তীব্র যানজট ও নৌপথগুলোতে পরিবহন শিডিউল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ঈদুল আজহার আগে বাড়ি ফিরতে চাওয়া লাখো মানুষ পড়েছেন অবর্ণনীয় কষ্টে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন মহাসড়কে সৃষ্ট জলাবদ্ধতার কারণে যান চলাচল থমকে গেছে। বাস টার্মিনাল ও রেলস্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সময়মতো গাড়ি পাচ্ছেন না যাত্রীরা। ভিজে এবং কর্দমাক্ত রাস্তায় মালপত্র ও পরিবার-পরিজন নিয়ে ছুটতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

এ ছাড়াও রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইলসহ বেশ কিছু অঞ্চলের নদীবন্দরসমূহে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে সংস্থাটি। এসব এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃষ্টির কারণে মহাসড়কগুলোতে যানবাহনের গতি কমে গেছে। এর ফলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।

যাত্রী সামাল দিতে হিমশিম খাচ্ছে টার্মিনাল কর্তৃপক্ষ। যদিও টানা দাবদাহের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি বয়ে এনেছে, তবে ঈদযাত্রার এই সময়ে তা যাত্রীদের জন্য নতুন বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে।

এমন অবস্থায় ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ এবং আরামদায়ক করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ